মার্কিন নাগরিক নুরকে ধরিয়ে দিতে এফবিআইয়ের দেড় লাখ ডলার পুরস্কার ঘোষণা

ছবি: মার্কিন নাগরিক ফাহাদ মোহাম্মদ নুর (সংগৃহীত)।
কোভিড-১৯ মহামারীর সময় শিশু খাদ্য কর্মসূচিতে প্রায় ৫০ লাখ ডলার প্রতারণার অভিযোগে মার্কিন নাগরিক ফাহাদ মোহাম্মদ নুরকে ধরিয়ে দেওয়ার জন্য ১ লক্ষ ৫০ হাজার (দেড় লক্ষ) ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
সম্প্রতি এফবিআইয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
২০২২ সালের জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি পালিয়ে যান। তার সোমালিয়ার সাথে যোগসূত্র রয়েছে বলে জানা গেছে এবং ধারণা করা হচ্ছে তিনি বর্তমানে সোমালিয়ায় অবস্থান করছেন।
তিনি কোভিড-১৯ মহামারীর সময় ফেডারেল চাইল্ড নিউট্রিশন প্রোগ্রাম ব্যবহার করে একটি প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে খুঁজছে এফবিআই। এই কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা এই কর্মসূচির জন্য নির্ধারিত তহবিল আত্মসাৎ, অপব্যবহার এবং পাচার করেছে, যা দরিদ্র শিশুদের খাবারের খরচের জন্য নির্ধারিত ছিল।
ফাহাদ মোহাম্মদ নুরের বিরুদ্ধে মিনেসোটায় ‘ফিডিং আওয়ার ফিউচার’ নামক কর্মসূচিতে ভুয়া ইনভেস্টিগেশন ও জাল খাদ্য সরবরাহকারী কোম্পানির মাধ্যমে প্রতারণা এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে তাকে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড প্রতারকদের তালিকায় যুক্ত করা হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি এমন খাবারের জন্য ভুয়া চালান জমা দিয়েছিলেন যা কখনও সরবরাহ করা হয়নি এবং এই চালানগুলোর মাধ্যমে কর্মসূচির তহবিল আত্মসাৎ ও নিজের কাছে রেখে দিয়েছিলেন। ওয়্যার ফ্রড, অর্থ পাচারের ষড়যন্ত্র এবং অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট অফ মিনেসোটা, মিনিয়াপোলিস, মিনেসোটা থেকে নুরের বিরুদ্ধে একটি ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এই মামলা সম্পর্কে কোনো তথ্য এফবিআই-এর টোল-ফ্রি টিপলাইনে ১-৮০০-কল-এফবিআই (১-৮০০-২২৫-৫৩২৪) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও স্থানীয় এফবিআই অফিস, নিকটতম আমেরিকান দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে, অথবা tips.fbi.gov-এ অনলাইনে তথ্য জমা দিতে অনুরোধ করা হয়েছে।






