কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ৪ জুন ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শনিবার ১ জুন বিকেলে টেকনাফের হ্নীলা পানখালি এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আহমেদ মেম্বার। নিহত শাহ আলম (৬০) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পানখালির ফকির আহমেদের ছেলে।
ইউপি সদস্য হোসন আহমেদ জানান, শনিবার বিকেলের দিকে শাহ আলমকে তার ছেলে পারিবারিক কলহের জেরে নিজ বাড়ীতে ছুরিকাঘাত করে। এসময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে শাহ আলম মারা যান।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, ছেলের ছুরিকাঘাতে বাবা নিহতের বিষয়টি জেনেছি। তবে, পরিবারের পক্ষ হতে এখনও অভিযোগ দেয়নি। এরপরও অভিযুক্তকে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।








