নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাস এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছে।
আজ সকাল ১০টার দিকে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ছোট কেগনা ওয়ার্ডের জুনুদপুর পোলের গোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এছাড়াও মোটরসাইকেলে থাকা আরও একজন ব্যক্তি এবং একজন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিহত লিটন চন্দ্র দেব নাথ সকালে তার ২ ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে বাংলা বাজার থেকে গোড়া এলাকায় পৌঁছালে চাটখিল থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী জননী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এরপর রাস্তার পাশের খালে পড়ে যায় বাসটি।
ঘটনাস্থলে মোটরসাইকেল চালক চালক লিটন চন্দ্র দেব নাথ ও তার ছোট ছেলে মারা যান। বাসটি খাল থেকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। নিহত ২ জনের মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।







