সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাতারাতি অনেকের লাখ লাখ ফলোয়ার উধাও হয়ে গেছে। প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গেরও ফলোয়ার কমেছে প্রায় ১০ কোটি। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা ৯ হাজার ৯৯৩ জন।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও অনেক ব্যবহারকারী হঠাৎ ফলোয়ার সংখ্যা হারানোর অভিযোগ করেছেন। বুধবার সকাল থেকে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা এমন অবস্থা লক্ষ্য করেন। সবারই ফলোয়ার দশ হাজারের নিচে নেমে এসেছে। ধারণা করা হচ্ছে, ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নিজেদের ফলোয়ার হারানোর কথা জানিয়েছেন। এরমধ্যে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য হিল, ইউএস টুডে, নিউইয়র্ক পোস্ট ও নিউজইউক রেকর্ডসংখ্যক ফলোয়ার হারিয়েছে।
এরই মধ্যে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ঠিক কী কারণে হঠাৎ করে ফলোয়ার সংখ্যা কমতে শুরু করেছে, তা নিশ্চিত করেনি ফেসবুক কর্তৃপক্ষ।
তবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট রিপোর্টে বলা হয়েছে, এ বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন সন্দেহজনক বট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার আগের তিন মাসে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।
ফেসবুকের হিসাব অনুযায়ী, এ বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভুয়া অ্যাকাউন্ট ছিল বিশ্বব্যাপী মাসিক সক্রিয় ব্যবহারকারীর প্রায় ৫ শতাংশ। ভুয়া অ্যাকাউন্ট নিয়ে ফেসবুক তাদের ট্রান্সপারেন্সি সেন্টার পেজেসে জানায়, যত বেশি সম্ভব ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলাই আমাদের লক্ষ্য। আমাদের নীতি ভঙ্গকারী অ্যাকাউন্ট, ব্যবসার প্রতিনিধিত্ব করে এমন ব্যক্তিগত অ্যাকাউন্ট কিংবা পোষা প্রাণীর নামে অ্যাকাউন্ট ভুয়া অ্যাকাউন্টের তালিকায় আছে।







