নিখোঁজের ১৭ দিন পর প্রবাসীর মরদেহ উদ্ধার

বাংলাদেশের গ্রামীণ এলাকায় অনেক মানুষ একত্রিত হয়ে আড্ডা দিচ্ছে, পরিবেশ শান্ত ও প্রাকৃতিক।. Channel i News – চ্যানেল আই নিউজ
টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ১৭ দিন পর মাটির নীচ থেকে একজন প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পারখী এলাকার একটি বিল থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মকবুল হোসেন নামক ওই প্রবাসীর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার কিসলু মিয়ার ছেলে।
কালিহাতী থানার এসআই মনির হোসেন জানান, মকবুল গত আড়াই মাস আগে দেশে আসেন। দেশে আসার পর মকবুলকে তার পরিবার বাড়িতে থাকতে না দেওয়ায় তিনি শ্বশুর বাড়ি সখীপুরে বসবাস করা শুরু করেন।
গত ২৬ জানুয়ারি মকবুল শশুর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর খোঁজ না পাওয়ায় সখীপুর থানায় জিডি করা হয়। আজ দুপুরে স্থানীয় লোকজন পারখী বিলে পুতে রাখা অবস্থায় একজন ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে পরিবারের লোকজন মরদেহটি মকবুলের বলে শনাক্ত করেন।






