গত সেপ্টেম্বর ও অক্টোবরে দেশে প্রবাসী আয় প্রেরণকারী দেশগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। গত আগস্টেও বাংলাদেশে প্রবাসী আয় প্রেরণকারী দেশগুলোর মধ্যে শীর্ষে ছিল সংযুক্ত আরব আমিরাত বা ইউএই।
প্রবাসী আয়সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় এসেছে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার। গত জুলাইয়ে দেশটি থেকে প্রবাসী আয় এসেছিল প্রায় ২৪ কোটি ডলার।
আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা তিন মাসের ব্যবধানে দ্বিগুণের বেশি বেড়েছে। জুলাইয়ের পর প্রতি মাসেই দেশটি থেকে প্রবাসী আয় আসা ধারাবাহিকভাবে বেড়েছে।
আগস্টে দেশটি থেকে এসেছিল ২৯ কোটি ডলার, যা তার আগের মাসের (জুলাই) তুলনায় ৫ কোটি ডলার বেশি। সেপ্টেম্বরে এসেছে ৩৯ কোটি ডলার, আগস্টের তুলনায় যা ১০ কোটি ডলার বা সাড়ে ৩৪ শতাংশ বেশি।
সর্বশেষ গত অক্টোবরে এসেছে প্রায় ৫০ কোটি ডলার, সেপ্টেম্বরের তুলনায় যা ১১ কোটি ডলার বা ২৮ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় গত তিন মাসে ধারাবাহিকভাবে বাড়লেও সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী আয় আসা সেভাবে বাড়েনি।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে দেশে মোট প্রবাসী আয় এসেছে প্রায় ২৪০ কোটি ডলার। এর মধ্যে এক পঞ্চমাংশ বা প্রায় ২১ শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। আর একই মাসে মোট প্রবাসী আয়ের পৌনে ১৪ শতাংশ এসেছে ইউএই থেকে।
সেই হিসাবে অক্টোবরে দেশে আসা মোট প্রবাসী আয়ের ৩৫ শতাংশ বা এক-তৃতীয়াংশের বেশি এসেছে যুক্তরাষ্ট্র ও ইউএই থেকে। এই দুটি দেশ থেকে অক্টোবরে মোট প্রবাসী আয় এসেছে ৮৩ কোটি ডলার।







