রাজনীতি

আওয়ামী নৈরাজ্য ও সরকারের সমালোচনা করে জামায়াতের বিক্ষোভ

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় ও বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই চালিয়ে যাবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বশক্তি দিয়ে ভূমিকা রাখবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন না এবং সরকারের এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাকে মন্ত্রিসভায় রাখা কতটুকু যৌক্তিক, তা প্রধানমন্ত্রীর পুনর্বিবেচনা করা প্রয়োজন।

বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সরকারকে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনার আহ্বান জানান তিনি।

গণভোট ও সংবিধান সংস্কারের প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, সংসদের সংখ্যাগরিষ্ঠতার চেয়ে গণভোটের রায় অধিক টেকসই। দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে বলে দাবি করেন তিনি। একদলীয় সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম বন্ধ করে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানও স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অন্য বক্তারা দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আওয়ামী লীগকে প্রতিহত করতে জাতীয় ঐক্যের ওপর জোর দেন।

ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের নেতারা। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম ও দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

বিষয়:গোপালগঞ্জে সহিংসতা জুলাই সনদ মিয়া গোলাম পরওয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…