স্পেনের একের পর এক আক্রমণের ঝড় ইতালির রক্ষণ ঠিকঠাক সামলে নিচ্ছিল। গোলশূন্য প্রথমার্ধের পর রিকার্দো ক্যালাফিওরি নিজেদের জালে বল জড়িয়ে করেন সর্বনাশ। তাতে ইতালির বিপক্ষে ১-০ গোলের জয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে নকআউট পর্বের টিকিট কেটেছে লা রোজারা।
‘বি’গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে স্পেন টেবিল টপার। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি। আলবেনিয়া ও ক্রোয়েশিয়ার পয়েন্ট ১।
অ্যারেনা আউফশাল্কে বৃহস্পতিবার রাতে ‘বি’গ্রুপের ম্যাচে স্কোরলাইন দেখে বোঝার উপায় নেই স্পেন কতটা আক্রমণাত্মক ছিল। তিনবারের চ্যাম্পিয়নরা ৫৭ শতাংশের বেশি সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে। ২০টি শটের ভেতর ৯টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। সেখানে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি মাত্র চারটি শট নেয়, যার একটি লক্ষ্যে ছিল।
ম্যাচের ৫৫ মিনিটে বাঁ-দিক থেকে ফরোয়ার্ড নিকো উইলিয়ামসের ক্রসে হেড করেন আলভারো মোরাতা। ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা হাত দিয়ে বল খানিকটা প্রতিহত করলেও ডিফেন্ডার ক্যালাফিও বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন।
ব্যবধান আরও বাড়তে পারত যদি প্রতিপক্ষের আটটি শট দোন্নারুমা দৃঢ়তার সঙ্গে না ঠেকাতেন। ইতালির রক্ষণও অবশ্য ছিল অপ্রতিরোধ্য। স্পেনের খেলোয়াড়দের তা ভাঙা সম্ভব না হলেও নিজেদের ভুলে হার নিয়ে আজ্জুরিরা মাঠ ছাড়ে।







