গোটা ম্যাচে বল দখলের লড়াইয়ে পূর্ণ আধিপত্য দেখালেও হারের মুখ দেখতে বসেছিল জার্মানি। তবে শেষ মুহূর্তের লক্ষ্যভেদে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপসেরা হয়েই নকআউট পর্বে গেল স্বাগতিকরা। গ্রুপ রানার্সআপ হয়ে তাদের সঙ্গে সুইসরা কেটেছে শেষ ষোলোর টিকিট।
এ-গ্রুপের টেবিল টপার জার্মানির ৩ ম্যাচে পয়েন্ট ৭। দুইয়ে থাকা সুইজারল্যান্ডের ঝুলিতে ৫ পয়েন্ট। আরেক খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে একমাত্র গোলে জয় পাওয়া হাঙ্গেরি পেয়েছে ৩ পয়েন্ট। তলানিতে থাকা স্কটিশরা এক পয়েন্ট নিয়ে শেষ করেছে এবারের আসর।
ফ্রাঙ্কফুর্ট অ্যারেনায় রোববার রাতে ম্যাচের ২৮মিনিটে ড্যান এনডয়ের ডানপায়ের নিশানাভেদে সুইসরা লিড পায়। সমতায় ফিরতে মরিয়া জার্মানি ম্যাচ শেষের সামান্য আগে সমতায় ফেরে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডেভিড রাউমের ক্রসে বল নিয়ে বল জালে পাঠিয়ে স্বাগতিকদের হার এড়ান নিকলাস ফুলক্রুগ।
একই সময়ে স্টুটগার্ট অ্যারেনায় গড়ানো ম্যাচটিও শেষ মুহূর্তে গোলের দেখা পায়। যোগ করা সময়ের দশম মিনিটে বাঁ-পায়ের শটে নিশানাভেদ করে হাঙ্গেরিকে জয় এনে দেন কেভিন কসোবোথ। তাতে গ্রুপপর্ব থেকে স্কটল্যান্ডের বিদায় নিশ্চিত হয়।







