একেবারে শেষের পথে তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’। শেষদিকে এসে দর্শকদের ধাক্কা দিয়েছে এর ৪৯তম এপিসোড! সিরিয়ালটির প্রাণ ভোমরা ফাহাদ (ইরফান সাজ্জাদ) ও সামির (খায়রুল বাসার)-এর বাবার মৃত্যু দেখানো হয়েছে এই এপিসোডে!
করুণ এই দৃশ্য দেখে কাঁদছেন দর্শক। হাজার হাজার দর্শক মন্তব্যে বলছেন, ‘এভাবে দর্শকদের না কাঁদালেও পারতেন পরিচালক’! কেউ কেউ লিখছেন, কখন যে চোখ ভিজে গেছে বুঝে উঠতে পারিনি! কেউ লিখছেন, এই পর্বটা অনেক কষ্টের, চোখের পানি ধরে রাখতে পারলাম না।
এই এপিসোডটি ইউটিউবে মাত্র ৪৯ মিনিটে মিলিয়ন ছাড়িয়েছে। আর ১ ঘণ্টা ৪৯ মিনিটে রিয়েল টাইম ভিউ হয়েছে ২ মিলিয়ন।
সিরিয়ালটি অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ইসরাত।
৫২ এপিসোডে শেষ হবে ‘এটা আমাদেরই গল্প’। নির্মাতা রাজ জানিয়েছেন, শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড। শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ মিনিট। দর্শকদের অনুরোধ ছিল সময় আরও বাড়ানোর। তবে টেলিভিশন সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা ও স্পন্সর সংশ্লিষ্ট সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। শেষ পর্বটি থাকবে দেড় ঘণ্টাব্যাপী!
পারিবারিক নাটকে আবেগ ও সম্পর্কের টানাপোড়েন হারিয়ে যাচ্ছে, এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। সেই ধারণাকে অনেকটাই ভুল প্রমাণ করেছে চ্যানেল আইয়ের এই ধারাবাহিক। পারিবারিক মেলবন্ধন, সম্পর্কের উষ্ণতা ও বাস্তব জীবনের আবেগঘন গল্পের কারণে নাটকটি দর্শকদের মধ্যে আলাদা জায়গা করে নেয়।
গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আইয়ে প্রচার শুরু হয় ‘এটা আমাদেরই গল্প’। টেলিভিশন সম্প্রচারের পাশাপাশি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রতিটি পর্ব প্রকাশ করা হয়। দুই মাধ্যমেই নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।


