গত কয়েক মৌসুম ধরে দারুণ ছন্দে আছে আর্সেনাল, প্রতিবারই শিরোপা জয়ের খুব কাছে গিয়ে ফিরতে হয়েছে খালি হাতে। চলতি মৌসুমে পয়েন্ট টেবিলে দুইয়ে থাকলেও শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৭। এমন হিসাব নিকাশের মাঝে দুঃসংবাদ পেয়েছে মিকেল আর্তেতার দল। খেলোয়াড়দের ‘অনুপযুক্ত’ আচরণে বড় অঙ্কের জরিমান গুনতে হচ্ছে তাদের।
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) বিবৃতিতে বলা হয়েছে, ‘২৫ জানুয়ারি উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের জন্য একটি স্বাধীন নিয়ন্ত্রক কমিশন আর্সেনালকে ৬৫ হাজার পাউন্ড জরিমানা করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকা।’
২৫ জানুয়ারির সেই ম্যাচে অবশ্য উলভারহ্যাম্পটনের সঙ্গে ১-০তে জিতেছিল আর্সেনাল। ম্যাচের ৪৩ মিনিটে উলভারদের এক ডিফেন্ডারকে ফাউল করায় মাইলস লুইস-স্কেলিকে লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার। সেসময় তাকে ঘিরে ধরেন আর্সেনালের খেলোয়াড়রা। তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন মাঠে থাকা রেফারি।
ভিএআর দেখেও বহাল রাখা হয় অলিভারের সিদ্ধান্ত। পরে লাল কার্ডের বিরুদ্ধে আর্সেনাল আপিল করার পর ১৮ বর্ষী লুইস-স্কেলির তিন ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করা হয়। কিন্তু মাঠে খেলোয়াড়দের প্রতিবাদের ধরন এবং রেফারির সঙ্গে বাদানুবাদের বিষয়টি উপেক্ষা করা সম্ভব হয়নি। পরে ক্লাবটি অভিযোগ স্বীকার করে নিলে বড় জরিমানা করার সিদ্ধান্ত হয়।
প্রিমিয়ার লিগে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচ খেলে ৫৩ পয়েন্ট নিয়ে গানাররা আছে দুইয়ে।







