পায়ের পেশির চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি জস বাটলার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হচ্ছে না। সিরিজটির জন্য ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) লিয়াম লিভিংস্টোনকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে। তাতে ২০২৪ সালে ৬ জন অধিনায়ক পাচ্ছে ইংলিশ দল।
তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হবে ৩১ অক্টোবর থেকে। দুদল খেলবে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্য বাটলারকে অধিনায়ক রেখেছে ইসিবি।
বাটলার না থাকায় ওয়ানডেতে প্রথমবার অধিনায়কত্ব পেলেন লিভিংস্টোন। এক বছরে ৬ জন নতুন অধিনায়কের দায়িত্বে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চলেছে ইংল্যান্ড। আগের পাঁচ জন হলেন- বেন স্টোকস, জস বাটলার, ওলি পোপ, ফিল সল্ট ও হ্যারি ব্রুক।
ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে ছয় অধিনায়কের নেতৃত্বে খেলার উদাহরণ আছে আরও তিনটি। ২০০১ সালে জিম্বাবুয়ে, ২০২১ সালে অস্ট্রেলিয়া ও ২০২৩ সালে ভারত খেলেছে ৬ অধিনায়কের নেতৃত্বে।
এক পঞ্জিকাবর্ষে ছয় অধিনায়কের অধীনে খেলাই বিশ্বরেকর্ড নয়। সর্বোচ্চ ৭ অধিনায়কের নেতৃত্বে খেলার নজির আছে। সেই রেকর্ডে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে বাংলাদেশের নামও।







