নিউজিল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল ইংল্যান্ড

ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, বড় স্ক্রিনে ‘ENGLAND WIN’ দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ক্রো-থর্প ট্রফি সিরিজে প্রথম টেস্টে জয়ের সুবাস পাচ্ছিল ইংল্যান্ডই। ড্যারিল মিচেলের প্রতিরোধ ভেঙে লক্ষ্য নাগালে রাখেন ব্রাইডন কার্স। পরে ইংলিশ টপঅর্ডার জ্যাকব বেথেলের ঝড়ো ফিফটিতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে ইংল্যান্ড।
ক্রাইস্টচার্চে টসে জিতে বৃহস্পতিবার স্বাগতিকদের ব্যাটে পাঠায় ইংল্যান্ড। উইলিয়ামসনের ৯৩ রানে ভর করে সব উইকেট হারিয়ে ৩৪৮ রানে থামে নিউজিল্যান্ড। জবাবে সব উইকেট হারিয়ে ইংলিশরা থামে ৪৯৯ রানে। স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ১৫১ রানে পিছিয়ে থেকে ব্যাটে নেমে কেবল ১০৪ রানের লক্ষ্য দিতে পারে ইংলিশদের।
রোববার চতুর্থ দিনে লক্ষ্য তাড়ায় নেমে বাজবল ক্রিকেট খেলে রেকর্ড গড়েছে ইংল্যান্ড। ১২.৪ ওভারে ইংল্যান্ড ৮ উইকেটে জয় পায়, রানরেট ৮.২১। একশর বেশি রানতাড়ায় এটা সবচেয়ে দ্রুততম জয়। আগের দ্রুততম জয়টি ওয়েস্ট ইন্ডিজের। ১৯৮৩ সালে ভারতের বিপক্ষে ওভারপ্রতি ৬.৮২ রান তুলে জিতেছিল তারা।
এর আগে ৩১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিলেন ড্যারিল মিচেল। সঙ্গে ছিলেন বোলিং অলরাউন্ডার নাথান স্মিথ। স্মিথ ফিরে যান ২১ রান করে। ম্যাট হেনরি করেন ১, টিম সাউদি ১২। এরপর উইলিয়াম ও’রউকের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন মিচেল। কার্সের ওভারে ক্রিস ওকসকে ক্যাচ দিয়ে ৮৪ রানে ফিরে যান। ও’রউকের ব্যাট থেকে আসে ৫ রান। সব উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ২৫৪ রান তোলে নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে ৪২ রানে ৬ উইকেট নেন ব্রাইডন কার্স, আগের ইনিংসে শিকার করেছিলেন ৪ উইকেট। ক্রিস ওকস নেন ৩ উইকেট।
১০৪ রানের লক্ষ্য তাড়ায় বাজবল খেলে ইংল্যান্ড। শুরুতে জ্যাক ক্রাউলি এক রানে আউট হলে কিছুটা চাপে পড়েছিল তারা। চাপ সামাল দেন বেন ডাকেট ও বেথেল। ১৮ বলে ২৮ রান করেন ডাকেট। ৩৭ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন বেথেল। জো রুট অপরাজিত থাকেন ১৫ বলে ২৩ রান করে।
দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট (৪ ও ৬) শিকার করে ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ড পেসার ব্রাইডন কার্স। বিদেশের মাটিতে ১৬ বছর পর এই প্রথম ১০ উইকেট পেলেন কোনো ইংলিশ পেসার।






