নতুন বছরে ভারত সফর ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ইংল্যান্ড দলে চোট সমস্যায় নেই টেস্ট অধিনায়ক বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে হ্যামস্ট্রিং চোটে পড়েছেন। যা তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে দিলো ৩৩ বর্ষী অলরাউন্ডারকে।
নিশ্চিত করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, এ সময়ে স্টোকস এসএ টি-টুয়েন্টি ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের কিছু অংশও খেলতে পারবেন না।
গত আগস্টে একই চোটে পড়েছিলেন স্টোকস। সেসময় দুমাস মাঠের বাইরে ছিলেন। রোববার ভারত সফর ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার পর ইঙ্গিত মেলে তার সেরে উঠতে সময় লাগবে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ডাক্তারি পরামর্শে ৫০ ওভারের ক্রিকেট থেকে আবশ্য দূরেই আছেন স্টোকস।
স্টোকস শিগগিরই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। আগামী ২২ মে’র আগে ইংল্যান্ডের কোনো টেস্ট সিরিজও নেই। জানুয়ারিতে এসএ টি-টুয়েন্টিতে খেলা হচ্ছে না তার। যেখানে ৮ লাখ পাউন্ডে (১২ কোটি টাকা প্রায়) তাকে দলে টেনেছে এমআই কেপটাউন।







