সেমির লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের হাতে। সঙ্গে বড় জয়ও প্রয়োজন। সমীকরণ মাথায় রেখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেমে বল হাতে দারুণ করেছে জশ বাটলারের দল। ক্রিস জর্ডানের হ্যাটট্রিকে সহ-আয়োজক দেশটিকে ১১৫ রানে গুটিয়ে দিয়েছে ইংলিশবাহিনী।
ইংনিসের ১৯তম ওভারে এই কীর্তি গড়েন ইংলিশ পেসার। হ্যাটট্রিকসহ ৫ বলে চারটি উইকেট নেন জর্ডান। চলতি বিশ্বকাপে তৃতীয় হ্যাটট্রিক এটি। আগের দুটি অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের। সুপার এইটের লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক করেন অজি পেসার।
ব্রিজটাউনে টসে জিতে যুক্তরাষ্ট্রকে আগে ব্যাটে পাঠায় ইংল্যান্ড। নেমে ১৮.৫ ওভারে ১১৫ রানে থামে যুক্তরাষ্ট্র।
কেনসিংটন ওভালে ধীরগতিতে রান তুলছিল যুক্তরাষ্ট্র। উইকেট টিকিয়ে রেখেছিল। ১৮তম ওভারের শেষ বলে ধস নামে। ষষ্ঠ ব্যাটার হারমীত সিংকে ফিরিয়ে ধসের সূচনা এনে দেন স্যাম কারেন। ১৭ বলে ২১ রান করা হারমীতের ক্যাচ নেন জর্ডান।
পরে ওভারে বলে এসে যুক্তরাষ্ট্রকে পুরোই ধসিয়ে দেন জর্ডান। ওভারের প্রথম বলে ফেরান কোরি অ্যান্ডারসনকে। ২৮ বলে ২৯ রান করেন এ ব্যাটার। দ্বিতীয় বলটি দেখেশুনে পার করেন আলি খান। তৃতীয় বলে তাকে বোল্ড করেন জর্ডান। পরের দুই বলে নুশতুশ কেনজিগে এবং সৌরভ নেত্রাভালকারকে ফিরিয়ে হ্যাটট্রিক পুর্ণ করেন ইংলিশ পেসার।
যুক্তরাষ্ট্রের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নিতিশ কুমার। দুই ছক্কা ও এক চারে ২৪ বলে ৩০ রান করেন।
ইংলিশ বোলারদের মধ্যে জর্ডান ২.৫ ওভার বল করে ১০ রান খরচায় নেন ৪ উইকেট। আদিল রশিদ ও স্যাম কারেন দুটি করে উইকেট নেন।







