চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চূড়ান্ত কর্মপরিকল্পনা ও নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আখতার আহমেদ।
আজ (১৮ আগস্ট) সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রস্তুত করা হয়েছে। এখন তা চূড়ান্ত পর্যায়ে। এই সপ্তাহেই রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
ইসি সচিব আরও জানান, নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী রাজনৈতিক দলগুলোর যাচাই-বাছাই শুরু হয়েছে। ইতিমধ্যে মাঠপর্যায়ে প্রাথমিকভাবে নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করা ২২টি রাজনৈতিক দলের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, সীমানা নির্ধারণের ৮২টি আসনের বিপরীতে ২৪ আগস্ট থেকে শুনানি শুরু হয়ে চলবে চারদিন ধরে। ভোট কেন্দ্র বাড়ছে না তবে ৩ হাজার জন ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। একটি বুথে ৫০০ এর জায়গায় ৬০০ করে ভোটার থাকবে।








