জীবনের শেষ বয়সে সন্তানের স্নেহ-ভালোবাসাই যেখানে বাবা-মায়ের সবচেয়ে বড় ভরসা, সেখানে সন্তানদের অবহেলা আর আশ্রয়হীনতায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রেখেছেন ঠাকুরগাঁওয়ের এক বৃদ্ধা মা। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া পাইকারমনি গ্রামে।
ভুক্তভোগী আয়েশা খাতুন জানান, স্বামী মারা যাওয়ার পর ছেলেরা তার কাছ থেকে জমিজমা লিখে নেয়। এরপর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে তিনি একটি জীর্ণ ঘরে একা বসবাস করছেন। জীবনের শেষ সময়ে সন্তানের অবহেলা সহ্য করতে করতে মৃত্যুর পর যথাযথ দাফন হবে কি না, সেই শঙ্কা থেকেই ঘরের পাশেই নিজের কবর খুঁড়ে রেখেছেন তিনি।
স্থানীয়দের সহযোগিতায় পাওয়া সামান্য জমি এবং নিজের শেষ সম্বল দিয়ে কবরটি তৈরি করেছেন আয়েশা খাতুন। প্রতিদিন সেই কবরের পাশে গিয়ে নীরবে বসে থাকেন, কাঁদেন এবং মৃত্যুর অপেক্ষা করেন।
ভুক্তভোগী আয়েশা খাতুন বলেন, জীবনের সবকিছু সন্তানদের জন্যই করেছেন। কিন্তু এখন তারা তার খোঁজও নেয় না। শেষ বয়সে তিনি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আয়েশা খাতুন একাই বসবাস করেন। তার ছেলেরা আর্থিকভাবে সচ্ছল এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকলেও মায়ের ভরণপোষণের কোনো দায়িত্ব পালন করেন না। বিষয়টি নিয়ে কেউ প্রতিবাদ বা কথা বলতে গেলে তাদের গালিগালাজের শিকার হতে হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বৃদ্ধা মায়ের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।







