এইচএসসি পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর। বৈরী আবহাওয়ায় যারা পরীক্ষা দিতে পারেননি, তাদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে সরকার। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল দুটি প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী জানান, প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষার সুযোগ পাবেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যে বিষয়গুলোর পরীক্ষা ইতোমধ্যে স্থগিত হয়েছে, সেই একই অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত তারিখে তারা পরীক্ষায় অংশ নিতে পারবেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়েই এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কেউ অনিবার্য কারণে বঞ্চিত না হন।
চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে অংশ নিয়েছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবনের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়ও বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। এদিকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। তাই বৈরী আবহাওয়া বা অনিবার্য কারণে কোনো শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্যই এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছে।
