গ্রীষ্মের তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা। বাইরে বের হলেই ক্লান্তি, ঘাম আর পানিশূন্যতার ঝুঁকি। এমন সময় শরীরকে সতেজ ও চাঙা রাখতে স্বাস্থ্যকর খাবারের বিকল্প নেই। বিশেষজ্ঞদের মতে, মৌসুমি ফল দিয়ে তৈরি স্মুদি হতে পারে গরমে সুস্থ থাকার অন্যতম সহজ উপায়।
স্বাদ ও পুষ্টির দারুণ সমন্বয়ে তৈরি এই পানীয়গুলো শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি যোগায় প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ। চলুন জেনে নেওয়া যাক গরমে আরাম পেতে
৩টি সহজ স্মুদি রেসিপি।
আম-দই স্মুদি
গ্রীষ্ম মানেই আমের মৌসুম। পাকা আমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
যা লাগবে:
১ কাপ পাকা আম
আধা কাপ টক দই
আধা কাপ ঠান্ডা দুধ
১ চা চামচ মধু
প্রস্তুত প্রণালী:
সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে মসৃণ করে ব্লেন্ড করুন। ঠান্ডা পরিবেশন করুন।
তরমুজ-পুদিনা স্মুদি
তরমুজে প্রায় ৯০ শতাংশের বেশি পানি থাকে। তাই গরমে শরীরের পানির ঘাটতি পূরণে এটি বেশ কার্যকর।
যা লাগবে:
২ কাপ তরমুজের টুকরা
কয়েকটি পুদিনা পাতা
১ চা চামচ লেবুর রস
বরফ কুচি
প্রস্তুত প্রণালী:
সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।
কলা-স্ট্রবেরি স্মুদি
কলা দ্রুত শক্তি জোগায়, আর স্ট্রবেরি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। তাই দিনের শুরু বা বিকেলের নাশতায় এটি হতে পারে আদর্শ একটি পানীয়।
যা লাগবে:
১টি কলা
৫-৬টি স্ট্রবেরি
১ কাপ ঠান্ডা দুধ
১ চা চামচ মধু
প্রস্তুত প্রণালী:
সব উপকরণ ব্লেন্ড করে মসৃণ করে নিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
মনে রাখুন
গরমে পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি খাদ্যতালিকায় রাখতে পারেন ফলভিত্তিক স্মুদি। এটি শুধু তৃষ্ণাই মেটাবে না, বরং শরীরকে রাখবে সতেজ, কর্মক্ষম ও প্রাণবন্ত। তাই এই গরমে কোমল পানীয়ের পরিবর্তে বেছে নিন স্বাস্থ্যকর স্মুদি।
তবে যাদের ঠান্ডাজনিত সমস্যা, সর্দি-কাশি বা গলা ব্যথার প্রবণতা রয়েছে, তারা স্মুদিতে বরফ ব্যবহার না করলেও চলবে। চাইলে স্বাভাবিক তাপমাত্রার উপকরণ দিয়েও একইভাবে স্মুদি তৈরি করতে পারেন।







