কলম্বিয়ার ২১ বর্ষী ফরোয়ার্ড জন ডুরান খেলছেন সৌদি প্রো লিগের দল আল নাসেরে। অ্যাস্টন ভিলায় খেলে আসা তারকা সম্প্রতি যোগ দিয়েছেন সৌদিতে। এসে ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে বলেছেন, ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম রোনালদো এবং তিনি সেরা।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা রোনালদো সামনে ৪০তম জন্মদিন পালন করবেন। এখনও পর্তুগীজ মহাতারকার থামার কোনো লক্ষণ নেই। তার লক্ষ্য এক হাজার গোল, সেদিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছেন।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদির ক্লাবে যোগ দিয়ে আনন্দিত ডুরান বলেছেন, ‘রোনালদোর সাথে খেলতে পেরে আমি সত্যিই আনন্দিত এবং বিশ্বের সেরা ফুটবলার থেকে শিখতে পারব। তিনি বিশ্বের সবচেয়ে বড় মহাতারকা। আমার কাছে মনে হয় তিনি ফুটবলের সেরা খেলোয়াড়।’
‘আমি সত্যিই অনেক খুশি তার সাথে থেকে শিখতে পারব এবং এত বড় মহাতারকার থেকে শেখার সুযোগ পাবো। আশা করি যে শিগগিরই তার কিছু বিষয় দেখতে পারব। আমাকে যা শেখাতে পারেন এবং তার পদাঙ্ক অনুসরণ করতে পারব, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
সৌদি প্রো লিগ নিয়ে ডুরানের মনোভাব, ‘এই লিগে যোগ দিতে পেরে আমি খুশি। লিগটি ফুটবলকে বিশ্বের গুরুত্বপূর্ণ দিকে নিয়ে যাবে। ইউরোপের অনেকে এখানে যোগ দিয়েছে, যারা একসময় বড় তারকা ছিল।’







