বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। শিক্ষার্থীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিও বার্তায় উপাচার্য বলেন, “ডাকসু নির্বাচন তোমরা গভীরভাবে প্রত্যাশা করেছ। এটি গণ-অভ্যুত্থানের মৌলিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সমন্বিত একটি প্রাতিষ্ঠানিক কণ্ঠস্বর তৈরি করাই এই নির্বাচনের লক্ষ্য।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে। শুভকামনা জানাচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের প্রচেষ্টাকে তোমরাই সফল করবে। নারী শিক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে তাঁরা নির্ভয়ে ভোট দিতে পারেন।”
উপাচার্য জানান, প্রায় ১১ মাসের প্রস্তুতির পর এবার ঐতিহাসিক এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো হলের বাইরে কেন্দ্রীয়ভাবে আটটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। থাকবে ৮১০টি বুথ, প্রায় ৪০ হাজার ভোটার, তিন স্তরের নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা এবং প্রশিক্ষিত পোলিং কর্মকর্তা। তিনি বলেন, “আমরা সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেছি। ভোট গণনা এলইডি স্ক্রিনের মাধ্যমে উন্মুক্তভাবে দেখানো হবে এবং সাংবাদিকরা তা মনিটর করবেন।”
প্রার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, “নির্বাচনে জয়-পরাজয় থাকবে। তবে বিজয়ী এবং পরাজিত উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সক্রিয় ও প্রাতিষ্ঠানিক করার ক্ষেত্রে।”
এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। তাঁদের মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন।







