ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
আজ (২৭ জানুয়ারি) সোমবার রাত ৩টার দিকে এক বিবৃতিতে ঘটনায় দুঃখ প্রকাশ করে ঢাবি উপাচার্য বলেন, বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় কোনো তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
বিবৃতিতে তিনি ধৈর্য ধারণ এবং সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ২৭ জানুয়ারি অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
যেসব বিষয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন উপাচার্য।








