বিনোদন

‘দৃশ্যম ৩’ দিয়ে অজয়ের ক্যারিয়ারে নতুন মাইলফলক

‘দৃশ্যম ৩’ দিয়ে অজয়ের ক্যারিয়ারে নতুন মাইলফলক

মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক দাপট দেখাচ্ছে বলিউড অভিনেতা অজয় দেবগণের সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’।  শুধু তাই নয়, নিজের ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় করা সিনেমার স্বীকৃতিও পেল সিনেমাটি।

মুক্তির ১০ দিনে শুধু ভারতেই ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে এটি। এর মধ্য দিয়ে অজয় দেবগণের ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো সিনেমা ভারতের বক্স অফিসে ৩০০ কোটি রুপির গণ্ডি পার করল।

এর আগে অজয় অভিনীত ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছিল তার সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমাটি ভারতে মোট ২৭৯ কোটি ৫৯ লাখ রুপি নিট আয় করেছিল। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছিল ৩৬৭ কোটি ৬৫ লাখ রুপি।

বক্স অফিসের পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্যানুযায়ী, মুক্তির দশম দিনে অর্থাৎ দ্বিতীয় রবিবার ‘দৃশ্যম ৩’ ভারতে ১৪ হাজার ৮৭২টি প্রদর্শনী থেকে নিট ২২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। এ নিয়ে ভারতে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৩০৯ কোটি রুপি। আর মোট আয় বা গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৩৭০ কোটি ৮০ লাখ রুপি।

অন্যদিকে বিদেশের বাজারে দশম দিনে সিনেমাটি আয় করেছে ৬ কোটি রুপি। এতে বিদেশে সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১০৯ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘দৃশ্যম ৩’-এর মোট গ্রস আয় ৪৭৯ কোটি ৮০ লাখ রুপি।

সমালোচকদের মতে, সিনেমাটিতে অজয় দেবগণের পাশাপাশি জয়দীপ আহলাওয়াতের অভিনয় দর্শকের মনে ধরেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির জন্য লেখা তার রিভিউতে চলচ্চিত্র সমালোচক শৈবাল চ্যাটার্জি লিখেছেন, ‘অজয় দেবগণের জন্য সিনেমা হলে যান এবং জয়দীপ আহলাওয়াতের অভিনয়ের টানে বসে থাকুন।’

সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক। প্রযোজনায় রয়েছে প্যানোরামা স্টুডিওস ও স্টার স্টুডিও১৮। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এর সিক্যুয়েল এটি। তবে পূর্বের সিক্যুয়েলগুলোর মতো এটি সরাসরি মালায়ালাম সংস্করণের সঙ্গে যুক্ত নয়, বরং এর গল্প সম্পূর্ণ মৌলিক।

বিষয়:‘দৃশ্যম ৩’ অজয় দেবগণ নতুন মাইলফলক বক্স অফিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…