আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে হাসপাতাল ক্যাম্পাসে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মীর সাজেদুর রহমান জানান, আদালতের বিচারক ডা. ফারুক আহমেদকে একটি মামলার কিছু কাগজপত্র ও নথিসহ আদালতে হাজির হতে বলেন। কিন্তু তিনি দীর্ঘদিন হাজির হননি। ফলে, আদালত অবমাননার দায়ে বিচারক তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর এ ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শুক্রবার রাত ৯টায় হাসপাতাল ক্যাম্পাসের বাসা থেকে তাকে আটক করা হয়। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ডা. ফারুকের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভুয়া সাটিফিকেট প্রদানসহ নানা অনিয়ম দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে।







