ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দলবদল শেষের আগেই পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। একঝাঁক তারকা ও উদীয়মান ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্লাবটি। অভিজ্ঞ ক্রিকেটার নাজমুল হোসেন শান্তসহ এই দলে রয়েছেন জাতীয় দলের নিয়মিত মুখ সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত এবং স্পিন অলরাউন্ডার মাহেদী হাসান।
আগামী ৪ মে থেকে মাঠে গড়াবে ডিপিএল এবারের আসর। টুর্নামেন্ট সামনে রেখে শনিবার ও রোববার দলবদলের দিন ধার্য করে দিয়েছে সিসিডিএম। প্রথম দিন শেষেই নিজেদের স্কোয়াড ঘোষণা করে কোচ হান্নান সরকারের অধীনে থাকা দলটি।
মিডল অর্ডারে শক্তির যোগান দিতে থাকছেন জাকের আলী অনিক ও সাব্বির রহমানের মতো হার্ডহিটার ব্যাটাররা। তরুণ প্রতিভাদের প্রাধান্য দিয়ে মারুফ মৃধা, জিশান আলম এবং রোহানাত দৌল্লাহ বর্ষণকে নিয়েছে আবাহনী।
পেস আক্রমণে সৈয়দ খালেদ আহমেদ ও ইকবাল হোসেন ইমনের পাশাপাশি স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি। সব মিলিয়ে তারুণ্য ও অভিজ্ঞতার এক দারুণ সংমিশ্রণে এবার শিরোপা ধরে রাখার মিশনে নামছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি।
আবাহনী স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, সাব্বির রহমান, জিসান আলম, মেহরাব হোসেন অহিন, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, সাব্বির হোসেন, অনিক সরকার, শামসুল ইসলাম অনিক, নাঈমুর নয়ন, সৈয়দ খালেদ আহমেদ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রোহানাত দৌলা বর্ষণ এবং মেহেদী হাসান।







