সিরীয় বংশোদ্ভূত শিল্পী সিবা আলখিয়ামি এবং জার্মান প্রযোজক ফেলিক্স স্পিট্টা (মঙ্কিম্যান)-এর যৌথ সংগীত ‘দোনানা’ নতুন করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। প্রকাশের দুই বছর পর, বৈশ্বিক সংঘাত বিশেষ করে ইরান-আমেরিকার যুদ্ধের প্রেক্ষাপটে গানটি যেন নতুন অর্থ ও তীব্রতা নিয়ে ফিরে এসেছে।
২০২৪ সালে এই গানটি তৈরি করেন দুই শিল্পী। ‘দোনানা’ শব্দটির আরবি অর্থ “আমাদের পৃথিবী”। গানটির প্রতিটি শব্দ, বাক্য গভীর বার্তা বহন করে।
ফিলিস্তিনের পর সম্প্রতি ইরানকে ঘিরে যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে গানটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশ্লেষক রাউল জেলিক-ও এ নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করে গানটির প্রসার আরও বাড়িয়ে দেন।
গানটিতে সিবা আলখিয়ামির কণ্ঠে উঠে এসেছে যুদ্ধ, দমন-পীড়ন, শোষণ ও নিপীড়িত মানুষের গল্প। ব্যক্তিগত অনুভূতি আর রাজনৈতিক বাস্তবতার মিশেলে গড়ে উঠেছে এক শক্তিশালী প্রতিবাদী ভাষ্য। অন্যদিকে মাঙ্কিম্যানের ইলেকট্রনিক মিউজিক প্রোডাকশন গানটিকে দিয়েছে আধুনিক ও প্রভাবশালী আবহ।
ভিডিওটির নির্মাণশৈলীও দর্শকদের আকৃষ্ট করছে। শুরুতে একটি সাধারণ খাবারের টেবিলের দৃশ্য ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায়, যেখানে শব্দের মাধ্যমে যুদ্ধের ইঙ্গিত তৈরি করা হয়। পরে সাদা-কালো এক দীর্ঘ শটে দেখা যায়, সিবা আলখিয়ামি মানুষের সারির সামনে দিয়ে এগিয়ে যাচ্ছেন— যা শেষে রূপ নেয় প্রতিবাদ মিছিলে।
বর্তমান বৈশ্বিক অস্থিরতার সময়ে ‘দোনানা’ শুধু একটি গান নয়, বরং হয়ে উঠেছে এক শক্তিশালী প্রতিরোধের কণ্ঠ, যা নতুন প্রজন্মের কাছে যুদ্ধবিরোধী বার্তা পৌঁছে দিচ্ছে আরও জোরালোভাবে।








