এস আলম গ্রুপের মালিকানায় থাকা কোন স্থাবর-অস্থাবর সম্পত্তি না কেনার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর।
আজ (২৮ আগস্ট) বুধবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বাজেয়াপ্ত হওয়ার ভয়ে গোপনে সম্পদ বিক্রি করে দিচ্ছে এস আলম গ্রুপ।
তিনি বলেন, সর্বসাধারণকে সাবধান করা হচ্ছে, এস আলম গ্রুপের সম্পদ কেউ কিনবেন না। সাংবাদিকদের মাধ্যমে আমি হুঁশিয়ার করে দিচ্ছি। এসব সম্পদ জনগণের, এখানে কেউ হাত দেবেন না।
ডক্টর আহসান এইচ মনসুর বলেন, আইনি জটিলতার কারণে এখনি হস্তক্ষেপ করতে পারছে না বাংলাদেশ ব্যাংক। তবে শিগগিরই আইনি উপায় খুঁজে বের করা হবে।
এস আলম গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব ব্যাংকের লেনদেন ঋণ স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন নামে-বেনামে থাকা বিভিন্ন জমি-সম্পদ বিক্রি করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।







