কোনো অজুহাত নয়, ব্যাটিং ভালো হয়নি: ডমিঙ্গো

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ডমিঙ্গো সংবাদ সম্মেলনে ভাবনায়, ব্যাটিং সমস্যা নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভয়ঙ্কর ফেরি ভ্রমণ শেষে বৈরি আবহাওয়ায় ম্যাচ ভেন্যু ডমিনিকায় অনুশীলনের কোনো সুযোগই পায়নি মাহমুদউল্লাহ রিয়াদের দল। তার উপরে ভ্যাপসা গরম। তবে এসবকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না কোচ রাসেল ডমিঙ্গো। বৃষ্টি বিঘ্নিত ১৬ ওভারের ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে ১৩ ওভারে ৮ উইকেট খরচায় ১০৫ রান তুলেছিল বাংলাদেশ। যাকে ব্যাটিং ব্যর্থতা হিসেবেই দেখছেন ডমিঙ্গো।
‘শুরুটা ভালোই হয়েছিল আমাদের। এরপর আমরা আর ভালো ক্রিকেট খেলিনি। তবে ক্রিকেটাররা একটা লম্বা ফেরি ভ্রমণ করে এসেছে, অনুশীলনও করতে পারেনি। তার উপর বেশ গরমও ছিল। যদিও এসবকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। আমাদের সঙ্গে তারাও একই ফেরিতে ছিল। আমার বিশ্বাস, পরের ম্যাচে ছেলেরা ভালো করবে।’
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভালো শুরু পেয়েছিল সাকিব ও নরুল হাসান সোহান। বাংলাদেশ ইনিংসের হাইলাইটসও তারাই। আউট হওয়ার আগে সাকিবের ১৫ বলে ২৯ ও সোহানের ১৬ বলে ২৫ রানের ইনিংস ছাড়া বলার মতো সংগ্রহ পায়নি কোনো ব্যাটার। ব্যাটারদের এমন হতশ্রী পারফরমেন্সের কারণ হিসেবে ডমিঙ্গোর যুক্তি লম্বা সময় ক্রিকেটারদের ম্যাচের বাইরে থাকা।
‘দলের বেশ-কজন ক্রিকেটার দীর্ঘ দিন খেলার বাইরে। আফিফ, মাহমুদউল্লাহরা অনুশীলন করার যথেষ্ট সুযোগ পায়নি। মাহমুদউল্লাহ সর্বশেষ ম্যাচ খেলেছে সাউথ আফ্রিকায়। সাকিব-সোহান ভালো শুরু পেয়েছিল। তবে সাকিব ভুল সময়ে আউট হয়েছে। ওর কাছ থেকে লম্বা ইনিংস প্রয়োজনীয় ছিল। সোহান এই সংস্করণে ভালো ক্রিকেটার। ও বিগ হিটার ও শক্তিশালী ব্যাটসম্যান। কিন্তু সেও ভুল সময়ে আউট হলো। এটা তার জন্য শেখার দিন। তবে দেখে ভালো লাগছে, সে ফর্মে আছে।’
সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশ সময় আজ রবিবার রাত ১১.৩০ মিনিটে আবারও মুখোমুখি হবে দু’দল। যেখানে প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোয় প্রত্যয় বাংলাদেশের।






