অপরাধ

মিছিলে ওয়ারেন্টভুক্ত আসামি এলেই গ্রেপ্তার: ডিএমপি

ডিএমপি কর্মকর্তারা মিছিলে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএমপি কর্মকর্তারা মিছিলে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করছেন, পুলিশি অভিযান ও নিরাপত্তা নিশ্চিতের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির কালো পতাকা মিছিলে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি যোগ দিলে তাকে গ্রেপ্তার করতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

লিটন কুমার সাহা বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিদের আমরা গ্রেপ্তার করছি। আজ বিএনপির কর্মসূচি রয়েছে, সেখানে ওয়ারেন্টভুক্ত কোন আসামি এলে তাদের গ্রেপ্তারে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। প্রোগ্রামে কোনো আসামি এসেছে, কিন্তু আমরা ধরিনি, এমন নয়।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সবসময়ই তাদের কর্মসূচি পালন করছে। রাজনৈতিক কোনো কর্মসূচিতে আমরা বাধা দিচ্ছি না।

নিরাপত্তা জোরদার
রাজধানীতে রাজনৈতিক দুটি দলের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ বলছে: রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কেউ কোনো বিশৃঙ্খলা বা নাশকতার সৃষ্টি না করতে পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে পুলিশ। পোশাকে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মাঠে কাজ করছে। পুলিশের সাইবার ক্রাইম বিভাগ সাইবার স্পেস কড়া নজরদারি করছে।

নয়া পল্টন থেকে ফকিরাপুল মোড় হয়ে বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড়ে বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইভাবে রাজধানীর পুরান পল্টন থেকে গুলিস্তানে হয়ে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত পুরো এলাকা ও আশপাশের এলাকার নিরাপত্তায় রয়েছে পুলিশ। আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশ ও বিএনপির ঘোষিত কর্মসূচি কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে যাতে কেউ বা কোনো গোষ্ঠী নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

পুলিশ বলছে, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটালে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি আইনশৃঙ্খলা অবনতি ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিষয়:ডিএমপি নিরাপত্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…