কুমিল্লা ও ফেনী জেলায় সাম্প্রতিকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শনিবার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করেন । চারা সংগ্রহের সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন কুমিল্লা রেঞ্জ কমান্ডার পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য ।
পরে মহাপরিচালক ফুলগাজী উপজেলা কমপ্লেক্সে উপস্থিত হয়ে ২০০ কৃষকের মাঝে, ও পরশুরাম পাইলট হাইস্কুল মাঠে পরশুরাম উপজেলার ১০০ কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করেন।
দুপুরে তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অপেক্ষাকৃত নিম্নআয়ের কৃষকদের দুর্দশা দূর করদে সময়োচিত এ চারা বিতরণের পদক্ষেপ আসন্ন আমন মৌসুমে কিছুটা হলেও স্বস্তির পরিবেশ তৈরি করবে।
যেহেতু আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সারাদেশে গ্রামে গ্রামে ছড়িয়ে আছে, তাই যে কোনো দুর্যোগ কিংবা দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের মাঝে এই বাহিনী কম সময়ে সুশৃঙ্খলভাবে যে কোনো সেবা কিংবা সহযোগিতা পৌঁছে দিতে পারে। এবারের বন্যায় কৃষকদের বীজতলার জমি প্লাবিত হওয়ায় ধান চাষ নিয়ে বিরাট অনিশ্চয়তায় আছেন কৃষকরা। এতে এ অঞ্চলের মানুষ খাদ্য সঙ্কটে পড়ার আশঙ্কাও করছেন।
তাই পর্যায়ক্রমে আরো বেশি সংখ্যক কৃষকদের পুনর্বাসনের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তাছাড়া ভালো ফলন নিশ্চিত করতে আনসার বাহিনীর পক্ষ থেকে কৃষকদের মাঝে সার, কীটনাশক থেকে শুরু করে সবজি চাষের উপকরণও আগামীতে বিতরণ করা হবে।
আকস্মিক বন্যায় কুমিল্লা ও ফেনী অঞ্চলের অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ সকল গৃহহীনদের ঘর করে দেয়াসহ শিগগিরই ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ উপকরণ সরবরাহের উদ্যোগ নেবে।







