দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে। তবে এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা না ঘটলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে অনেক জান-মাল। অগ্নিনির্বাপক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সূত্রে এ তথ্য জানা গেছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলা পুরুষ মেডিসিন ওয়ার্ডে এই আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের গারবেজ স্টোর রুম ও অন্য একটি তলায় ছড়িয়ে পড়ে।
সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত অয়েলিং এর দাহ পদার্থে সিগারেটের ফেলে দেওয়া আগুন থেকে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
দিনাজপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. এ বি এম নুরুজ্জামান বলেন, সিগারেটের ফেলে দেওয়া আগুন বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এটা খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওষুধের কার্টুনের স্টোরে আগুন লেগেছিল, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে আগুন দেখার সাথে সাথে মেডিসিন পুরুষ ওয়ার্ডের রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।







