পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ তার আসন্ন কমেডি ছবি ‘সর্দারজি থ্রি’ নিয়ে জোর বিতর্কে জড়িয়েছেন। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলিংয়ের শিকার তিনি। কারণ ছবিটিতে রয়েছেন একাধিক পাকিস্তানি শিল্পী। তবে বির্তকের শেষ কারণ এটি নয়।
এবার জানা গেল, ২৭ জুন পাকিস্তানে মুক্তি পেতে চলেছে ‘সর্দারজি থ্রি’। লাহোর, করাচি, ইসলামাবাদ, ফয়সালাবাদ, শিয়ালকোট-সহ বহু শহরের সিনেমা হলের স্ক্রিনিং তালিকা ইতিমধ্যেই ভাইরাল। ভারতের বহু দর্শকের মতে, সীমান্তের ওপারে এমন সময়ে ছবির মুক্তি অত্যন্ত অযৌক্তিক।
বিশেষ করে ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের উপস্থিতি ঘিরে আরও বিতর্ক দানা বেঁধেছে। কিছুদিন আগেই কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার প্রেক্ষিতে শোনা গিয়েছিল, তাকে ছবি থেকে বাদ দেওয়া হতে পারে। কিন্তু ট্রেলারে তার দৃশ্য উপস্থিত থাকায় সেই জল্পনা উড়ে গিয়েছে।
ছবিতে শুধু হানিয়া নন, রয়েছেন পাকিস্তানের আরও কয়েকজন অভিনেতা। আছেন নাসির চিনিয়োতি, ড্যানিয়েল খাওয়ায়ার এবং সেলিম আলবেলাও। এর পরিপ্রেক্ষিতে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ ছবিটি বয়কটের আহ্বান জানিয়েছে। সংস্থাটির তরফে বলা হয়েছে, কোন ভারতীয় শিল্পীর পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করা উচিত নয়।
ইতিমধ্যেই দিলজিতের ইনস্টাগ্রাম পোস্টে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “লজ্জা লাগছে না দিলজিৎ?”, আবার কেউ মন্তব্য করেছেন, “দেশ আগে, আপনি আজ একজন ভক্ত হারালেন”।
বিদেশে দিলজিতের জনপ্রিয়তা থাকলেও এই বিতর্ক তার ভাবমূর্তিকে ধাক্কা দিতে পারে বলেই মনে করছেন অনেকে। তবুও দিলজিৎ বা ছবির প্রযোজনা সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।







