উৎসবমুখর পরিবেশে চলছে পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনের ভোটগ্রহণ।
বুধবার ৩০ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ডিআরইউ প্রাঙ্গণে বিরাজ করছে সাজসাজ রব। এবার নির্বাচন কমিশনের নির্দেশে পোস্টার, ব্যানার লাগানো বিরত থাকলেও শেষ মুহূর্তে ভোটকেন্দ্রে প্রবেশের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট চাইছেন প্রার্থী ও তাদের সমর্থকেরা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের নিজের দিকে টানছেন তারা।
এ বছর নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতির মধ্যে প্রাধান্য পাচ্ছে ডিআরইউর দ্বিতীয় ভবন নির্মাণ। এছাড়া সংগঠনটিকে লাভজনক করা, সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে উন্নত সুবিধা দেওয়াসহ সার্বিক উন্নয়নের কথা বলছেন তারা।
এবারের নির্বাচনে ২০টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৩ জন। নির্বাচন কেন্দ্র করে প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মনজুরুল আহসান বুলবুল।








