আন্তর্জাতিক

রিপাবলিকানদের হটিয়ে মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

রিপাবলিকানদের হটিয়ে মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্র্যাটরা। চারটি আসনে জয় নিশ্চিত করে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। অথচ বছরখানেক আগেও এমন সাফল্যকে ডেমোক্র্যাটদের জন্য প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছিল।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই জয়ের ফলে ২০২৭ সালে সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আবারও দায়িত্ব পালনের সুযোগ তৈরি হয়েছে ডেমোক্র্যাট নেতা চাক শুমারের সামনে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের ওপর নজরদারি, প্রশাসনিক ও বিচার বিভাগীয় নিয়োগ এবং আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারের সুযোগ পাবে দলটি।

সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে ডেমোক্র্যাটদের অন্তত চারটি আসন বাড়ানোর প্রয়োজন ছিল। নির্বাচনে নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, টেক্সাস ও ওহাইওতে রিপাবলিকান প্রার্থীদের পরাজিত করে সেই লক্ষ্য পূরণ করেছে তারা।

নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলিকে পরাজিত করেন। সাউথ ক্যারোলাইনায় শিশু চিকিৎসক অ্যানি অ্যান্ড্রুজ জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডারলিন গ্রাহামের বিপক্ষে। টেক্সাসে অঙ্গরাজ্যের প্রতিনিধি জেমস টালারিকো পরাজিত করেন অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে। অন্যদিকে ওহাইওতে সাবেক সিনেটর শেরড ব্রাউন জয়লাভ করেন।

নির্বাচনের এ ফলাফলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। নির্বাচনী প্রচারণার শেষ দিকে অক্টোবরজুড়ে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচার চালিয়েছিলেন ট্রাম্প। তবে তার জনপ্রিয়তা কমে যাওয়ায় দলীয় প্রার্থীদের নির্বাচনী লড়াই কঠিন হয়ে পড়ে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সিনেটের নিয়ন্ত্রণ হারানোর ফলে ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়ন ও গুরুত্বপূর্ণ নিয়োগসংক্রান্ত কার্যক্রমে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে। পাশাপাশি কংগ্রেসে ডেমোক্র্যাটদের অবস্থান আরও শক্তিশালী হওয়ায় আগামী দিনে মার্কিন রাজনীতিতে দুই দলের মধ্যে বিরোধ ও দর-কষাকষি বাড়তে পারে।

বিষয়:ডেমোক্র্যাট রিপাবলিক সিনেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…