সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। এনিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১২৮তম বারের মতো সময় পেল তদন্ত সংস্থা।
আজ (২২ জুলাই) বুধবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন এই তারিখ নির্ধারণ করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার পরদিন রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্তেও মামলার কোনো চূড়ান্ত প্রতিবেদন জমা না হওয়ায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট তদন্তের দায়িত্ব র্যাবের কাছ থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে দেয়। একই সঙ্গে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষ তদন্তে অগ্রগতির কথা উল্লেখ করে আরও সময়ের আবেদন জানায়। পরে ২০২৫ সালের ২২ এপ্রিল হাইকোর্ট ছয় মাস সময় বাড়িয়ে দেয় এবং ২২ অক্টোবর পরবর্তী আদেশের দিন নির্ধারণ করে। এরপরও তদন্ত শেষ না হওয়ায় ২৩ অক্টোবর উচ্চ আদালত বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্ত সম্পন্নের জন্য আরও ছয় মাস সময় দেন।
তবুও এখন পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি। সর্বশেষ আদালতের আদেশ অনুযায়ী, আগামী ২৭ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন নির্ধারণ করা হয়েছে।







