আন্তর্জাতিক

আমাজনের বনাঞ্চল রক্ষায় নতুন রেকর্ড গড়েছে ব্রাজিল

আমাজনের বনাঞ্চল রক্ষায় নতুন রেকর্ড গড়েছে ব্রাজিল

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আমাজনের বনাঞ্চল রক্ষায় নতুন রেকর্ড গড়েছে ব্রাজিল। ১৯৮৮ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর দেশটিতে ২০২৬ সালের প্রথমার্ধে আমাজন বনাঞ্চলে বন উজাড়ের হার এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বিশ্বের বৃহত্তম এই বন রক্ষায় প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে একে দেখা হচ্ছে।

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ইনপে শুক্রবার (১৬ অক্টোবর) জানিয়েছে, জুলাই পর্যন্ত ১২ মাসে ৩ হাজার ৩৩৫ বর্গকিলোমিটার (১ হাজার ২৮৮ বর্গমাইল) বন উজাড় হয়েছে। আগের বছরের তুলনায় এ পরিমাণ প্রায় ৪২ শতাংশ কম।

এক সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী জোয়াও পাওলো ক্যাপোবিয়াঙ্কো বলেন, এটি অবিশ্বাস্য রকমের বিশাল পতন, যেন স্বপ্নের মতো।

প্রেসিডেন্ট লুলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন,২০৩০ সালের মধ্যে অবৈধ বন উজাড় শূন্যে নামিয়ে আনাই আমাদের লক্ষ্য।

জলবায়ুবিষয়ক সংস্থা ‘অবজারভাতোরিও দো ক্লিমা’এর মার্সিও আস্ত্রিনি এ পরিসংখ্যানকে,ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে বন উজাড় ও গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণ করা সম্ভব।

২০২৩ সালে ক্ষমতা গ্রহণের সময় ২০৩০ সালের মধ্যে অবৈধ বন উজাড় বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন লুলা। তার কট্টর ডানপন্থী পূর্বসূরি জাইর বলসোনারোর শাসনামলে বন উজাড় ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর তিনি এ অঙ্গীকার করেন। বলসোনারোর ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মেয়াদে আমাজনে বছরে গড়ে প্রায় ১১ হাজার ৬০০ বর্গকিলোমিটার (প্রায় ৪ হাজার ৪৮০ বর্গমাইল) বন হারিয়ে যায়, যা তার আগের চার বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি।

২০২২ সালের পর থেকে প্রতিবছরই বন উজাড় কমেছে। চার বছরে এ হার কমেছে ৭১ দশমিক ২ শতাংশ। বার্তা সংস্থা এএফপি এই হ্রাসের পেছনে নজরদারি বাড়ানো এবং অবৈধভাবে গাছ কাটার জন্য কঠোর শাস্তির বিষয়টিকে কারণ হিসেবে উল্লেখ করেছে।

২৫ অক্টোবরের নির্বাচনের দ্বিতীয় দফায় লুলার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর বড় ছেলে ও সিনেটর ফ্লাভিও বলসোনারো। জনমত জরিপে দুই প্রার্থীকে প্রায় সমান অবস্থানে দেখা যাচ্ছে।

আমাজনের দক্ষিণে অবস্থিত সেরাদো তৃণভূমি অঞ্চলেও বন উজাড় প্রায় ২৪ শতাংশ কমে ৫ হাজার ৫১৭ বর্গকিলোমিটারে (২ হাজার ১৩০ বর্গমাইল) নেমেছে। ২০০১ সালে রেকর্ড রাখা শুরুর পর এটাই সর্বনিম্ন পর্যায়।

বিষয়:আমাজনে বন উজাড় ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…