বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপেরটি ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে কক্সবাজারের সৈকতে দেখা গেছে পর্যটকদের বেপরোয়া ঘুরাঘুরি। কোনো বাধা ছাড়াই পর্যটকরা সাগরে নেমে গোসল করছে আর হৈচৈ করে আনন্দ প্রকাশ করছে।
সোমবার (২৩ অক্টোবর) সকাল ১১ টার পর থেকে কক্সবাজারে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সতর্কতার সাথে গোসল করতে বলা হয়েছে। পাশাপাশি গভীর পানিতে না নামতে পর্যটকদের অনুরোধ করা হয়েছে। তবে এখনো সাগরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ।
গভীর সাগরে মাছ ধরার ট্রলার গুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি বাংলাদেশের সমুদ্রবন্দর ও উপকূলের ৯০০ থেকে ১ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। নিম্নচাপের কেন্দ্রের ৪০ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। নিম্নচাপ কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে।
কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং উপকূলকে ১ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।







