ডুবে যাওয়া নৌকার ২ শিশুকে উদ্ধার করে যুবকের মৃত্যু

নৌকাডুবির ঘটনায় এক যুবক নিহত, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছে, আশেপাশে মানুষ দেখছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে নৌকাডুবিতে লোকজনকে উদ্ধার করতে গিয়ে সাকিবুল (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই) বিকেলে সাড়ে ৬টার দিকে উপজেলার ভাতশাল ছোট ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস।
সাকিবুল অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীর কান্দি মোল্লা বাড়ি এলাকার আব্দুর রহিমের ছোট ছেলে। তিনি আজমপুর বাজারের ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, সোমবার দুপুরে অষ্টগ্রাম উপজেলার ভাতশালা ছোট ব্রীজ এলাকায় ডিঙ্গী নৌকায় সাপান্ত গ্রামের ৭ জন যাত্রী ও ১টি গরু ও কিছু লাকড়ি নিয়ে যাচ্ছিল। নৌকটি ছোট হওয়ায় ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে আদমপুর বাজারে যাচ্ছিলেন সাকিবুল। নৌকাডুবি দেখে তিনি মোটরসাইকেল থামিয়ে ডুবতে থাকা লোকজনকে উদ্ধারের জন্য হাওরে ঝাঁপিয়ে পড়েন। ২টি বাচ্চাকে উদ্ধার করে নিজে ক্লান্ত হয়ে তলিয়ে যান স্রোতের মধ্যে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবির দল কয়েক ঘন্টা অভিযান চালিয়ে সাকিবুলের মরদেহ উদ্ধার করে।
অষ্টগ্রাম ফায়ার সার্ভিস কর্মকর্তা কোভিদ আহমেদ ভুইয়া ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, অষ্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবির দল কয়েক ঘন্টা অভিযান চালিয়ে সাকিবুলের মরদেহ উদ্ধার করে।






