চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত পথচারী কিশোর সাইমুন (১৪) মারা গেছে। শুক্রবার রাতে বিএনপির সংঘর্ষে গুরুতর আহত হয়েছিল সাইমুন।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে সাইমুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। এর আগে শনিবার রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির সুপার ম্যাক্স হাসপাতালে মৃত্যুবরণ করে সাইমুন।
এছাড়াও সাইমুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা মো. ইউনুস।
সাইমুনের পরিবার হাজীগঞ্জ পৌর এলকার মিঠানিয়া ব্রিজের পাশে এসএস বিল্ডিংয়ের চতুর্থ তলায় ভাড়া থাকতো। ওই এলাকার একটি হিফজ খানায় হিফজুল কুরআন বিভাগে সাইমুন পড়াশুনা করতো। সাইমুনের মূল বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৫নম্বর রামপুর ইউনিয়নের চরবাকিলা গ্রামে।
সাইমুনের বাবা বলেন, সাইমুন আমার একমাত্র ছেলে। ঘটনার সময় সে একটি কাজে হাজীগঞ্জ বাজারে যায়। সেখানে বড় মসজিদে এশার নামাজ পড়ে বাসায় ফেরার জন্য সাধনা ওষুধালায়ের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় মারামারির মধ্যে পড়ে গুরুতর আহত হয় সে। অজ্ঞাতরা তাকে ওই অবস্থায় ফেলে রেখে যায়।
তিনি বলেন, স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ মুন হসপিটালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়া হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। শনিবার রাত ৮টার দিকে ধানমন্ডির একটি হাসপাতালে মারা যায় সাইমুন।








