এ বছরের হলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ‘ডেডপুল থ্রি’। ‘ডেডপুল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির নাম ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। এটি ২৬ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে।
রায়ান রেনল্ড ও হিউ জ্যাকম্যান অভিনীত ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমাটি এই ফ্রাঞ্চাইজির সর্বোচ্চ রানটাইমের সিনেমা, যার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৭ মিনিট। অধিকাংশ দর্শক-সমালোচকই জানিয়েছেন, পুরো ছবিতে চোখের পলক ফেলা দায়!
জাপানসহ আরো কিছু সিনেমা বাজারে ছবিটি বুধবার মুক্তি পেয়েছে, কিছু স্থানে বৃহস্পতিবার। দর্শক প্রতিক্রিয়া এতটাই ভালো এসেছে যে শুক্রবার হুমড়ি খেয়ে পড়েছেন উত্তর আমেরিকার দর্শকরা।
উত্তর আমেরিকায় বৃহস্পতিবারের প্রিভিউ থেকে আয় এসেছে ৩৮.৫ মিলিয়ন ডলার, আর রেটেড ছবির জগতে এটাই সর্বোচ্চ। এখনও যুক্তরাষ্ট্রের সব স্থানে মুক্তি পায়নি তাতেই বৃহস্পতি-শুক্র দুই দিনে ছবিটি আয় করেছে ৬৪.৮ মিলিয়ন ডলার।
বিশ্বব্যাপী ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ১০৩.৩ মিলিয়ন ডলার। শনি ও রবিবার ছবিটি দুর্দান্ত ব্যবসা করবে বলে মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা।
সিনেমাটির মুক্তি নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতেও শুরু হয়ে গেছে উৎসব। শুক্রবার মুক্তির প্রথম দিনে ছবিটি ভারতে আয় করেছে ২১.৫ কোটি রুপি। এই ছবির প্রভাব পড়েছে গত শুক্রবার মুক্তি পাওয়া ‘ব্যাড নিউজ’-এর ওপরে।
রায়ান রেনল্ডস ‘ডেডপুল’ হিসেবে অপ্রতিরোধ্য। উলভারিন হিসেবে হিউ জ্যাকম্যানের কোনো তুলনা নেই। তাই তাদের রসায়ন দেখার জন্য উদগ্রীব ছিলেন ভক্তরা। তারা প্রত্যাশা পূরণ করতে পেরেছেন ভালোভাবেই। এছাড়া সিনেমার ক্যামিওগুলো নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন অনেকে। শন লেভির পরিচালনাও প্রশংসা পাচ্ছে।
সূত্র: কইমই







