ম্যানচেস্টার সিটি ছেড়ে চলে যাচ্ছেন বেলজিয়ান তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। গতরাতে সিটির ঘরের মাঠ ইতিহাদে খেলে ফেলেছেন শেষ ম্যাচটি। লিগে এখনও এক ম্যাচ বাকি। তার আগেই সাবেক সতীর্থের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো।
ম্যাচের পর ভিডিওতে আগুয়েরো বলেছেন, ‘তোমার ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তোমার সাথে খেলতে পারাটা ছিল সম্মানের। তোমার জন্য সর্বাঙ্গীক মঙ্গল কামনা করি, বন্ধু আমার। অবশ্যই ম্যানচেস্টার সিটির একজন কিংবদন্তি তুমি, আমিও। শিগগিরই দেখা হচ্ছে।’
ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘সবাই সেখানে ছিল যা দেখে বেশ ভালো লেগেছে। দশ বছরে অনেক খেলা, অনেক শিরোপা, অনেক মুহুর্ত রয়েছে। তোমার প্রতি কী পরিমাণ ভালোবাসা ছিল আজকে তার কিছুটা সারাংশ করা গেছে।’
‘আজকের দিনটি দুঃখের। তাকে আমরা মিস করব। অন্যদিকে, আমার মনে হয় এই বিশাল ও গুরুত্বপূর্ণ জয় অর্জনে আবারও অবদান রাখায় তার জন্য একটি সুন্দর দিন ছিল।’
ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম কিংবদন্তি ৩৩ বর্ষী মিডফিল্ডার ডি ব্রুইন সাম্প্রতিক সময়ে বেশকিছু চোটে ভুগেছেন। তিনি কিছুটা বিস্মিত যে, ম্যানসিটি তাকে নতুন চুক্তির জন্য বলেনি। তবে এখনও প্রিমিয়ার লিগে খেলার মতো অবস্থা আছে বলে বিশ্বাস তার।








