কিশোরগঞ্জ

হত্যাকাণ্ডে অভিযুক্তের বাড়ি ভাঙচুর ও আগুন, পুড়ল তিন ঘর

হত্যাকাণ্ডে অভিযুক্তের বাড়ি ভাঙচুর ও আগুন, পুড়ল তিন ঘর

কিশোরগঞ্জ সদর উপজেলার প্যাড়াভাঙ্গা এলাকায় ইমরান (৩৮) নামে এক যুবককে হত্যাকাণ্ডের জেরে অভিযুক্ত আবু কালামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন উত্তেজিত জনতা।

এতে বসতঘরসহ তিনটি ঘর পুড়ে গেছে। আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ বিশ্বরোডের নতুন জেলখানা মোড় এলাকায় ইমরান হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) রাতে প্যাড়াভাঙ্গা এলাকায় ২ হাজার ৪০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে ইমরানের সঙ্গে আবু কালামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইমরান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইমরান মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ারচর এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে।

হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত আবু কালাম ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ সময় ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, ইমরান হত্যার আসামিদের ফাঁসি চাই’ বলে স্লোগান দেন তারা।

হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুইয়া বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। সকাল ৯ টার দিকে নিহত ইমরানের লোকজন জেলখানা মোড় এলাকায় মানববন্ধন করেন। মানববন্ধন শেষে কোন রকম বিশৃঙ্খলা না করে তারা বাড়িতে চলে যান। আধা ঘন্টা পর জানতে পারি অভিযুক্ত আবুল কালামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবং হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

 

বিষয়:ইমরান হত্যাকাণ্ড উত্তেজিত জনতা প্যাড়াভাঙ্গা ভাঙচুর-আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…