অপরাধ

ডিবি হেফাজতে সুইডেন আসলাম, চলছে জিজ্ঞাসাবাদ

ডিবি হেফাজতে সুইডেন আসলাম, চলছে জিজ্ঞাসাবাদ

ছবি: সংগৃহীত

রাজধানীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলা ও অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আখতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয় পর্যালোচনা করা হচ্ছে। ডিবি সবকিছু যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।

এর আগে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। ইমিগ্রেশন কার্যক্রমের সময় তার পরিচয় শনাক্ত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, তার পাসপোর্ট ব্লক করা ছিল। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পর প্রায় এক মাস ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।

এস এম আসলাম হোসেন অপরাধজগতে শেখ আসলাম ও সুইডেন আসলাম নামে পরিচিত। ২০০১ সালের পর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল।

২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তার বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে, যার মধ্যে নয়টি হত্যা মামলা।

বিষয়:আটক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…