ভারতের দিল্লিতে বিশ্ব বাবা দিবসের দিনে এক বাবা তার মেয়েকে খুন করে মরদেহ মাঠে ফেলে গেছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রোববার ১৬ জুন দিল্লির কানঝাওয়ালা এলাকার কাছে একটি মাঠে এক তরুণীর রক্তাক্ত মরদেহ খুঁজে পায় পুলিশ। পুলিশ জানায়, সেই তরুণী তার প্রেমিককে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু তার বাবা নন্দকিশোরের অন্য পরিকল্পনা ছিল। তিনি তার পছন্দের কাউকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। এ নিয়ে প্রায়ই বাবা-মেয়ের ঝগড়া হতো বলে জানিয়েছে পুলিশ।
নন্দকিশোর পেশায় কাচ কাটার কাজ করেন। তিনি তার মেয়েকে হত্যা করার জন্য একটি কাচের কাটার ব্যবহার করেছিলেন বলে জানায় পুলিশ। পরে মেয়ের মরদেহ একটি ট্যাক্সি ক্যাবে করে মাঠে নিয়ে ফেলে দেন। নন্দকিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।







