‘সুড়ঙ্গ’ হিট হওয়ার পর দুই বছর বড়পর্দায় মিসিং আফরান নিশো! বড়সড় প্রস্তুতি নিয়ে এই অভিনেতা ফিরছেন তার নতুন ছবি ‘দাগি’ নিয়ে।
জানা যায়, সোমবার ছবিটির শুটিং পুরোপুরি শেষ হয়েছে। এ কারণে মঙ্গলবার সন্ধ্যায় ‘দাগি’ পরিচালক শিহাব শাহীন ১২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে লিখেছেন, ‘ইটস র্যাপ আপ’। হ্যাসট্যাগে লিখেছেন ‘দাগি’।
সেই ভিডিও-তে শিহাব শাহীন ছাড়াও ডিওপি, ক্রু থেকে শুরু করেছে আফরান নিশো এবং তমা মির্জাও ছিলেন। প্রত্যেকে চিৎকার করে জানান, ইটস র্যাপ আপ! ভিডিওতে তমা মির্জার হাতে ফুল থাকলেও আফরান নিশো জানালেন ‘হাতাহাতি’র আহ্বান!
হাসিমুখে ছোট্ট ভিডিও এই ক্লিপে নিশোকে বলতে শোনা যায়, ‘সকল মুখের ঝগড়ার সমাপ্তি, এখন থেকে হাতাহাতি হবে।’ তার এমন কথা শুনে নির্মাতাসহ সবাই একযোগে হেসে উঠেন!
গেল ডিসেম্বরে ‘দাগি’র শুটিং শুরু হয়। তখন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশো বলেছিলেন, আমি সব সময় চাই গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।
নির্মাতা শিহাব শাহীন বলেন, মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প নিয়ে ‘দাগি’র কাহিনি। নতুন কিছুই দেখতে পাবে দর্শক। এ ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে। দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি।
‘দাগি’-তে নিশো ও তমা ছাড়াও আরও থাকছেন সুনেরাহ, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। আসন্ন ঈদুল ফিতরে ‘দাগি’ মুক্তি পাবে।








