দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ এখন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার। যা দমকা ও ঝড়ো হওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার ১২ মে সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল ও বিক্ষুব্ধ রয়েছে।
ঘূর্ণিঝড়ের অবস্থানের কথাও জানান অধিদপ্তর। এটি এখন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
অবহাওয়া অধিদপ্তর বলছে, এটি আজ সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে মনে করছেন আবহাওয়া অধিদপ্তর।
এছাড়াও দেশের চারটি সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। সাগরে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।







