টাঙ্গাইলের মির্জাপুরের বাশতৈল ইউনিয়নের হরিদ্রাচালা এলাকায় জমিতে গাছ লাগানোর ঘটনা নিয়ে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন হয়েছেন।
সোমবার (১৬ জুন) বেলা ১১টার দিকে সখিপুর উপজেলার হরিদ্রাচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন- সখিপুর উপজেলার রফিকুল ইসলাম রজব।
নিহতের ভাই শামসুল আলম বলেন, সকালে আমার ভাইয়ের সাথে আমার চাচাতো ভাই আয়নালের জমিতে গাছ লাগানো নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর চাচাতো ভাইয়ের স্ত্রী ও তার লোকজন এসে আমার ভাইয়ের ওপর দেশিয় অস্ত্র দিয়ে হামলা ও কিল-ঘুষি মারতে থাকে। এসময় আমি বাধা দিতে গেলে আমাকেও হামলা করে।
তিনি আরও বলেন, আহত অবস্থায় আমার ভাইকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের উপযুক্ত বিচার দাবি করছি। আসামী আয়নাল হক তার স্ত্রী সেলিনা বেগম ও তার মেয়ে কুলসুম ও তার স্বামী নাজমুলের বিচার দাবি করছি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল ইসলাম বলেন, হত্যার বিষয়ে জানার সাথে সাথে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী দুইজনকে আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।







