দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে প্রথমে সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সংবাদ সম্মেলন করেন। এরপর সংবাদ সম্মেলন করেন সমিতির সম্পাদক অ্যাডভোকেট শাহ মনজুরুল হক।
প্রথমে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সরকার এরই মধ্যে কয়েক লাখ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রায় ১৩ হাজার ব্যক্তিকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। বাসা বাড়িতে তল্লাশী চালিয়ে ছাত্রদের গ্রেফতার করছে। এই আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার জন্য রাজনৈতিক নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। বিচারপতি আবদুল মতিন ও মানবাধিকার কর্মী সুলতানা কামালের নেতৃত্বে গঠিত গণতদন্ত কমিশনকে আমরা সর্মথন জানাচ্ছি।’
এসময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘জাতিসংঘের তত্ত্বাবধায়নে কোটা আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ড ও আহতদের ব্যাপারে তদন্তের দাবি জানাচ্ছি এবং আমরা মনে করি যে, এই আন্দোলনে শতশত মানুষকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। হাজার হাজার ছাত্র-ছাত্রী ও বেকার যুবক এবং শিশুদের আহত করা হয়েছে এবং সরকার একই কার্যক্রম এখনও অব্যাহত রেখেছে। এসকল ঘটনায় জড়িত সকল ব্যক্তিদের বিচার করার জন্য মানবতাবিরোধী অপরাধ দমন আইন সংশোধন করে মানবতাবিরোধী ও মানবাধিকার লংঘনের অপরাধে অভিযুক্তদের দ্রুত বিচারের ব্যবস্থা করার জোর দাবী জানাচ্ছি।’

দ্বিতীয় সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলেন, ‘কোটা আন্দোলনের সময় সাধারণ ছাত্রদের উপর ভর করে বিএনপি- জামায়াত-শিবির সারা দেশে ধ্বংসযজ্ঞ চালায় এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে। বর্তমানে দেশ বিরোধী ষড়যন্ত্রকারী বিএনপি-জামায়াত দেশ ও জনগণের জানমালের ক্ষতি করে বাংলাদেশকে একটি মৌলবাদী ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে তৎপর। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে একটি সমৃদ্ধ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে এ অনাকাংখিত ঘটনায় আহত ও নিহত পরিবারের পাশে সরকার আন্তরিকভাবে দাঁড়িয়েছেন এবং ছাত্রদের সকল দাবী মেনে নিয়েছেন। ভবিষ্যতে বাংলাদেশ যেন এমন পরিস্থিতির সম্মুখিন না হয় সে জন্য সরকার ও বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ।’
অ্যাডভোকেট শাহ মনজুরুল হক আরও বলেন,
‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাংলাদেশের জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সম্পদ, আইন-শৃংখলা ও জনজীবন রক্ষায় বদ্ধ পরিকর। তাই স্বাধীনতা বিরোধী চক্রের দেশ বিরোধী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এই সমিতি।’







