কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচটা সুখকর হল না ব্রাজিলের। একের পর এক আক্রমণে কোস্টারিকাকে গোলবন্যায় ভাসিয়ে দিতে চাইলেও সর্বশক্তি দিয়ে রক্ষণ আগলে রাখে দলটি। শেষপর্যন্ত কোনোভাবেই গোলের দেখা পায়নি ডোরিভাল জুনিয়রের সেলেসাও দল।
ক্যালিফোর্নিয়া সোফি স্টেডিয়ামে মঙ্গলবার সকালে ‘ডি’ গ্রুপের ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। বিস্ময়বালক এন্ড্রিককে ছাড়াই মাঠে নামে তারা। ম্যাচে ব্রাজিল অধিপত্য দেখায়। কিন্তু গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।
ম্যাচে ৭৪ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের। ১৯টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। অপরদিকে, কোস্টারিকা ২টি শটের মধ্যে একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরেন ভিনিসিয়াস-রদ্রিগো। প্রথমার্ধে ভাঙা যায়নি কোস্টারিকার রক্ষণ। ম্যাচের ৩৩ মিনিটে বল জালে পাঠিয়েছিল সেলেসাওবাহিনী। রাফিনহার ফ্রি-কিকে রদ্রিগোর থেকে বল পেয়ে গোল করেন মার্কুইনহোস। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) বাতিল হয় গোলটি। রাফিনহা যখন ফ্রি-কিক নিচ্ছিলেন, অফসাইডে ছিলেন রদ্রিগো।
দ্বিতীয়র্ধের শুরু থেকে কোস্টারিকাকে আরও কোণঠাসা করে রাখে ব্রাজিল। আক্রমণের পসরা সাজালেও গোলটা শুধু পায়নি। শেষদিকে আক্রমণে যাওয়ার কোনো চেষ্টাই করেনি কোস্টারিকা। রক্ষণ আগলে রেখে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।







