জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে বিরোধ, কপ-৩১ চুক্তিতে অচলাবস্থা

সংগৃহীত
জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ নতুন বৈশ্বিক চুক্তি নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। রাতভর আলোচনা চললেও চুক্তির বিষয়ে একমত হতে পারেনি অংশগ্রহণকারী দেশগুলো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার শেষ মুহূর্তে ফ্রান্স ও পানামার নেতৃত্বে কয়েকটি দেশ খসড়া চুক্তির বিরোধিতা করে। ওই খসড়ায় বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির চাহিদা কমানোর বিষয়ে কোনো উল্লেখ ছিল না। অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও অর্থায়নের প্রতিশ্রুতি চাইছে আফ্রিকার দেশগুলোর জোট।
শনিবার নতুন একটি চুক্তির খসড়া প্রকাশের কথা রয়েছে। এটিই চূড়ান্ত চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দ্বীপরাষ্ট্রগুলোর পাশাপাশি পানামা ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকটি দেশ চূড়ান্ত চুক্তিতে তেল, গ্যাস ও কয়লার ব্যবহার থেকে সরে আসার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। এসব দেশের মধ্যে রয়েছে স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন ও ফিনল্যান্ড। অন্যদিকে, সৌদি আরবের নেতৃত্বে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলো চুক্তি থেকে এ ধরনের প্রতিশ্রুতি বাদ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।
পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো বলেন, জীবাশ্ম জ্বালানির উল্লেখ ছাড়া কোনো জলবায়ু সম্মেলন বা চূড়ান্ত ঘোষণা গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের অবস্থান তারা মেনে নেবেন না।
ফ্রান্সের পরিবেশগত রূপান্তরবিষয়ক মন্ত্রী মনিক বারবু বলেন, বিশ্ব যখন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সীমা ছাড়িয়ে যাওয়ার মুখে, তখন এমনভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া যায় না, যেন কিছুই ঘটেনি।
প্রথমবারের মতো কোনো কপ সম্মেলনের চুক্তিতে স্বীকার করা হয়েছে, প্রাক্-শিল্পায়ন যুগের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জিত হয়নি। জলবায়ুবিজ্ঞানে এ অবস্থাকে ‘ওভারশুট’ বলা হয়। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও চরম তাপপ্রবাহের কারণে আরও লাখো মানুষ ঝুঁকিতে পড়বেন।
জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্থায়ন নিয়েও মতবিরোধ রয়েছে। একটি প্রস্তাবে সৌদি আরবসহ তেলসমৃদ্ধ দেশগুলোকে ২০৩৫ সালের মধ্যে তাদের মোট জ্বালানি ব্যবহারের ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে পূরণের অঙ্গীকারের বিনিময়ে জীবাশ্ম জ্বালানির বিষয়টি চুক্তির বাইরে রাখার কথা বলা হয়েছে।
তবে এতে উন্নয়নশীল দেশগুলোর অর্থায়নসংক্রান্ত উদ্বেগের সমাধান হচ্ছে না। চুক্তির আগের খসড়ায় ২০৩৫ সালের মধ্যে অভিযোজন খাতে অর্থায়ন বাড়িয়ে ১২০ বিলিয়ন ডলারে নেওয়ার কথা ছিল। কিন্তু সর্বশেষ খসড়া থেকে সেই প্রতিশ্রুতি বাদ দেওয়া হয়েছে।
আফ্রিকার দেশগুলোর আলোচক দলের প্রধান ও ঘানার পরিবেশমন্ত্রী জানেটর আগিয়েমান রাওলিংস বলেন, উন্নত দেশগুলোর কর্মকাণ্ডের কারণে সৃষ্ট জলবায়ু সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী তাদের জনগণ। তাই ন্যায্য অধিকার আদায় করতেই তারা সম্মেলনে এসেছেন, কারও কাছে সাহায্য চাইতে নয়।






